রায়দিঘিতে খুন বিজেপি কর্মী, রাজনৈতিক তরজার মাঝেই সামনে এল ‘সম্পর্কজনিত’ তত্ত্ব

ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক ব্যক্তির খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কিশোর মাঝি। তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারকে…

15

ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক ব্যক্তির খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কিশোর মাঝি। তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রায়দিঘি বিধানসভার মেনা গ্রামে এই ঘটনা ঘটে। গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তির দেহ। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে দাবি, কিশোর মাঝি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অভ্যন্তরীণ বিবাদ ঢাকতে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে।

এদিকে তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে অন্য একটি দিকের কথা বলছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ জড়িত থাকতে পারে। অভিযোগ, মৃতের স্ত্রীর সঙ্গে এক প্রতিবেশীর সম্পর্ক ছিল এবং সেই কারণেই খুনের পরিকল্পনা করা হয়।

ইতিমধ্যেই মৃতের স্ত্রী এবং অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন রাতে ফোন করে কিশোরকে বাড়ির বাইরে ডাকা হয়, এরপরই এই হামলা ঘটে।

ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।