কলকাতার নামী ম্যানেজমেন্ট কলেজের হস্টেলে তরুণীকে ধ.র্ষণ, গ্রেফতার এক

জোকাতে নামী ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। গ্রেফতার কলেজের ম্যানেজমেন্ট পড়ুয়া। মধ্যরাতে খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। জোকার এই কলেজে ভর্তি হতে গেলে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
তবে এই কলেজে প্রবেশ করতে গেলে নিরাপত্তার একাধিক ধাপ পেরিয়ে তবেই যাওয়া যায়। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে হতবাক কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে তরুণী ওই কলেজের ছাত্রী নন। রেজিস্টারে স্বাক্ষর না করেই কীভাবে ওই তরুণী ভিতরে গেলেন, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। রাতেই নিরাপত্তারক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের অগ্রগতি হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

তরুণী জানিয়েছেন, ক্যাম্পাসিং-এর নাম করে ওই কলেজের এক দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁকে ভিতরে নিয়ে যান। তারপর অন্য একটি কাজের অছিলায় তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে দাবি তরুণীর। সেখানে নিয়ে গিয়ে তাঁকে জল ও পিৎজা খেতে দেওয়া হয়। খাওযার পরই তরুণী নেশাছন্ন হয়ে পড়লে সেই সুযোগে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই ছাত্র। সম্বিৎ ফিরে পেয়ে তরুণী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় ও পরে ধর্ষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *