রঞ্জি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে বাংলা খেলবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গ্রুপের শীর্ষে থেকে নকআউটে ওঠায় বাংলার ম্যাচ হওয়ার কথা ঘরের মাঠেই।সূচি অনুযায়ী, বাংলার কোয়ার্টার ফাইনালের ভেনু হিসেবে বিসিসিআই তাদের ওয়েবসাইটে কল্যাণীকে দেখিয়েছে। সেখানে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ-দের শেষ আটের ম্যাচ খেলার কথা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রঞ্জি নকআউট পর্বে ডিআরএস (DRS) প্রযুক্তি বাধ্যতামূলক। কিন্তু কল্যাণী এবং সল্টলেকের জেইউ ক্যাম্পাসের মাঠে এখনও ডিআরএস চালুর মতো পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত নয়। এই কারণেই ঘরের মাঠে ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে।যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) আশ্বস্ত করেছে, সমস্যার সমাধান করেই তারা ম্যাচ আয়োজন করবে। প্রয়োজন হলে বিকল্প ভেনু হিসেবে বাংলার পছন্দ জয়পুর ও মোহালি।
সিএবি সচিব বাবলু কোলে জানিয়েছেন,
“ডিআরএস প্রযুক্তির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে। আমরা Board of Control for Cricket in India (BCCI)-কে আশ্বস্ত করেছি। বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। রবিবার রাতের মধ্যেই জানানো হবে।”
