আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত কুমারগঞ্জের চিনকুটি মোড়ে আবর্জনার স্তূপ থেকে বহু নতুন ও পুরনো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আবর্জনার মধ্যে পরিচয়পত্রগুলি দেখতে পান। পরে বিষয়টি গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে রানিগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবর্জনার স্তূপে পড়ে থাকা সমস্ত ভোটার কার্ড সংগ্রহ করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে কীভাবে এতগুলো গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র সেখানে এল এবং কে বা কারা সেগুলি ফেলে গেল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের মতে, ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই এভাবে আবর্জনার মধ্যে তা পাওয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলির সংখ্যা গণনা করা হচ্ছে। এগুলি কোন এলাকার বাসিন্দাদের, সেগুলি বৈধ নাকি বাতিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নির্বাচন কমিশনকেও জানানো হবে।
ঘটনার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত সঠিক তথ্য সামনে আনার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।
