লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরিকেও কটাক্ষ করে তাঁকে “কম্প্রোমাইজড” বলে মন্তব্য করেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, একটি দেশের ভিত্তি হল তার জ্বালানি নিরাপত্তা। কিন্তু ভারত কোন দেশ থেকে তেল বা গ্যাস কিনবে, তা যদি আমেরিকার মতো অন্য কোনও দেশ ঠিক করে দেয়, তাহলে তা দেশের স্বাধীন সিদ্ধান্তের উপর আঘাত। তিনি প্রশ্ন তোলেন, ভারতের মতো বড় দেশ কেন অন্য কোনও দেশের অনুমতির উপর নির্ভর করে রাশিয়া থেকে তেল কিনবে।
এরপর তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরিকে আক্রমণ করে বলেন, এই বিষয়ের পেছনে “কম্প্রোমাইজ” রয়েছে। রাহুল গান্ধী দাবি করেন, মন্ত্রীর সঙ্গে জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) সম্পর্কের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরেই লোকসভায় তীব্র হট্টগোল শুরু হয়।
রাহুল গান্ধীর বক্তব্যের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরি বলেন, আধুনিক জ্বালানি ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। তবুও ভারতের অপরিশোধিত তেলের সরবরাহ নিরাপদ রয়েছে। তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল আসার কথা ছিল, তার থেকেও বেশি তেলের জোগান ভারত ইতিমধ্যে নিশ্চিত করেছে।
পুরি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই পরিস্থিতিতেও ভারত পর্যাপ্ত তেলের জোগান নিশ্চিত করতে পেরেছে।
রাহুল গান্ধীর বক্তব্যে জেফ্রি এপস্টিনের প্রসঙ্গ ওঠার পর লোকসভায় ব্যাপক হট্টগোল শুরু হয়। স্পিকার ওম বিড়লা তাঁকে আগের নোটিস অনুযায়ী বক্তব্য রাখতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অল্প সময়ের মধ্যেই লোকসভা মুলতবি ঘোষণা করা হয়।
