তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এলাকায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে যে ভাবে ‘সেবাশ্রয়’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেই উদ্যোগ থেকেই অনুপ্রাণিত হয়ে পুরুলিয়া জেলার কাশিপুরে আয়োজন করা হল একই ধরনের একটি স্বাস্থ্য শিবির।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমেন বেলথরিয়ার উদ্যোগে কাশিপুর ব্লকের তালাজুড়ি হাই স্কুলের আদিবাসী হোস্টেল সংলগ্ন এলাকায় এই সেবাশ্রয় শিবির অনুষ্ঠিত হচ্ছে। শিবিরে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন কাশিপুরের প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো, গৌরাঙ্গি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশেষ ধীবর, যুব তৃণমূল কংগ্রেসের গৌরাঙ্গি অঞ্চল সভাপতি দেবব্রত চৌধুরী-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবাশ্রয় শিবির আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে এলাকার প্রান্তিক ও সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।
