প্রাইম টাইমস্ প্রতিবেদন : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁর কনভয়ের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান মানুষ।
জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ নিয়ে তিন দিনের সফরে কলকাতায় এসেছেন। এই সফরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং পুলিশের সঙ্গে বৈঠক করে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন তাঁরা।
বিমানবন্দর থেকে বেরনোর সময়ই কিছু বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানায়। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কনভয় নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। নির্বাচন কমিশনের এই সফরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
কলকাতা বিমানবন্দরের বাইরে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ
