ডায়মন্ড হারবার আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূলপন্থী আইনজীবীদের হয়ে ভোট দিলেন প্রতীক উর রহমান। সাংবাদিকদের প্রশ্নে বাম অধ্যায়কে ‘ক্লোজ়ড চ্যাপ্টার’ বললেন তিনি।

ডায়মন্ড হারবার আদালতে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনে মঙ্গলবার ভোট দিতে এলেন আইনজীবী প্রতীক উর রহমান। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসপন্থী আইনজীবীদের সংগঠনের হয়ে ভোট দিয়েছেন তিনি।

প্রতীক বলেন, তিনি নিজে পেশায় একজন আইনজীবী এবং তাঁর নাম আদালতের অ্যাডভোকেট প্যানেলেও রয়েছে। যদিও নিয়মিতভাবে এই পেশায় কাজ করা হয়নি। তবু ভোটার তালিকায় নাম থাকায় তিনি ভোট দিতে এসেছেন।

এক সময়ে বামপন্থী আইনজীবীদের হয়ে ভোটে অংশ নেওয়ার প্রসঙ্গ উঠতেই প্রতীক উর রহমান বলেন, “ওটা এখন ক্লোজ়ড চ্যাপ্টার। এখন নতুন চ্যাপ্টার, নতুন সিলেবাস।”

ভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশাপাশি আইনজীবীদের পাশেও রয়েছে। বার অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মত তাঁর।

এ দিন আদালতের ভোটেও উঠে আসে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রসঙ্গ। প্রতীক অভিযোগ করেন, এই ইস্যুতে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলকে জোরালো বিরোধিতা করতে দেখা যায়নি। পাশাপাশি ডায়মন্ড হারবার আদালতের এই নির্বাচনে বিরোধীদের উপস্থিতি তেমন চোখে পড়ছে না বলেও কটাক্ষ করেন তিনি।

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে শেষ পর্যন্ত তৃণমূলপন্থী আইনজীবীরাই জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতীক উর রহমান।


Writing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *