সুমন আদক, হাওড়া: জগৎবল্লভপুরে বৃদ্ধা খুনে সাফল্য পুলিশের। গ্রেফতার করা হল মূল অভিযুক্ত শানু মান্না (৩০)কে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য এবং সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনায় তার সঙ্গে আরও ছিল তাদেরও খোঁজা হচ্ছে। পুলিশের দাবি, ক্রমাগত পুলিশি জেরায় ধৃত শানু খুনের কথা স্বীকার করেছে। জানা গিয়েছে, মদ্যপানের প্রতিবাদ করায় বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করা শানু ও তার সহযোগীরা। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার মধ্য সন্তোষপুর মান্নাপাড়ায় ওই বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। গত শুক্রবার নিজের ঘর থেকেই বছর ৬৫-র ওই বৃদ্ধার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ওই বৃদ্ধার মুখে সাঁড়াশি ঢুকিয়ে খুন করা হয়েছিল। বিধবা বৃদ্ধা দূর্গা মন্ডল (৬৫) বাড়িতে একাই থাকতেন। খুন করার পর ঘরে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। মৃতার স্বামী মারা গিয়েছেন আগেই। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। দিন চারেক পরিবারের লোকজন ফোনে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার স্থানীয়রা এসে দেখেন বাড়ির বাইরে থেকে তিনটি দরজাই তালা বন্ধ। বাড়ি থেকে তীব্র পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা জানলা দিয়ে উঁকি মারেন। তখনই মেঝেতে বৃদ্ধার বিবস্ত্র দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মেয়ের উপস্থিতিতে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে।
জগৎবল্লভপুরের বৃদ্ধা খুনে মূল অভিযুক্ত শানুকে গ্রেফতার পুলিশের
