কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত প্রশাসনিক কর্মসূচিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সবুজ পতাকা নেড়ে তিনি বেশ কয়েকটি রেল, সড়ক ও বন্দর সংক্রান্ত প্রকল্পের সূচনা করেন।
এই অনুষ্ঠানে পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনকে উন্নত করার ঘোষণাও করেন তিনি। এই তালিকায় রয়েছে কামাখ্যাগুড়ি, আনারা, হলদিয়া, তমলুক, বরাভূম এবং সিউড়ি স্টেশন।
এ ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক ১৯-এর পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেনের রাস্তা, একই সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত অংশের উন্নয়ন, জাতীয় সড়ক ১১৪-এর ভেদিয়া এলাকায় ৪ লেন রাস্তা এবং ইছামতী নদীর উপর স্বরূপনগর সেতু।
প্রধানমন্ত্রী জানান, এ দিন প্রায় ১৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বন্দর পরিষেবার উন্নয়নেও একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে বলে জানান তিনি। খিদিরপুর ও হলদিয়া বন্দরের পরিকাঠামো উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোদীর দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পূর্ব ভারতের লজিস্টিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সড়ক, রেল এবং জলপথ—তিন ক্ষেত্রেই সংযোগ বাড়বে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক পরিকাঠামোই ‘বিকশিত বাংলা’ গঠনের ভিত্তি হবে। তাঁর কথায়, ইতিহাসে বহুবার দেশকে পথ দেখিয়েছে বাংলা, ভবিষ্যতেও উন্নত বাংলার মাধ্যমে সেই গৌরব আবার ফিরিয়ে আনবে রাজ্য।
