মন্দির তহবিল বিতর্কে উত্তপ্ত পাটান, পুলিশের ওপর হামলা—একাধিক আধিকারিক সাসপেন্ড

গুজরাটের পাটান জেলায় মন্দিরের তহবিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। জেলার ঝিলিয়া গ্রামের কাছে এই ঘটনায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং তা হিংসাত্মক রূপ নেয়।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ২০ জনের একটি দল কয়েকটি গাড়িতে করে এসে একটি ফার্মহাউসে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে পুলিশ কিছুটা পিছিয়ে যায়।

পরে অতিরিক্ত বাহিনী নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ এই সংঘর্ষের পেছনে কাজ করে থাকতে পারে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

এদিকে, ঘটনার পরই দায়িত্বে গাফিলতির অভিযোগে এক ইন্সপেক্টর, এক সহকারী সাব-ইন্সপেক্টর, এক হেড কনস্টেবল এবং কয়েকজন রিজার্ভ জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *