মঙ্গলবার রাতেই আভাস মিলেছিল, বুধবার সকালে তাতে পড়ল সিলমোহর। সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।
যৌথ সাংবাদিক বৈঠকে ওয়াইসি জানান, হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট করছে তাঁর দল। কিছু আসন নিয়ে এখনও আলোচনা চলছে, তবে খুব শীঘ্রই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তাঁর দাবি, রাজ্যে সংখ্যালঘু নেতৃত্বের অভাব রয়েছে, যার ফলে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। এই জোট ভবিষ্যতেও বজায় থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে, ওয়াইসিকে ‘দাদা’ বলে সম্বোধন করে হুমায়ুন কবীর জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁরা যৌথভাবে লড়াই করবেন। ১ এপ্রিল বহরমপুর থেকে জোটের প্রচার শুরু হবে। এরপর মুর্শিদাবাদ, আসানসোল ও কলকাতায় একাধিক সভা ও মিছিলের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচিতে বিহার ও হায়দ্রাবাদ থেকেও AIMIM নেতারা যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠক থেকেই আত্মবিশ্বাসী সুরে ওয়াইসি বলেন,
“ডেপুটি সিএম নয়, সিএম হবে আমাদের।”
তিনি দাবি করেন, ৪ঠা মে বর্তমান রাজ্য সরকারের পতন ঘটবে এবং তাঁদের জোট ক্ষমতায় আসবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ওয়াইসি বলেন, “মমতাই বিজেপি। বিজেপিকে বাড়তে দিয়েছে কে?”— এমন প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিক বৈঠকেই জোটের প্রতীক হিসেবে ‘বাঁশি’ প্রকাশ করা হয়। প্রতীক সামনে এনে ওয়াইসি-হুমায়ুনের হুঙ্কার,
“এই বাঁশি বাজিয়েই সবাইকে মাঠ থেকে বের করে দেব।”



