অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন

অমরনাথ যাত্রার নিরাপত্তায় বিশেষ ভাবে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, অমরনাথ যাত্রার সময়েও জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই…

অমরনাথ যাত্রার নিরাপত্তায় বিশেষ ভাবে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, অমরনাথ যাত্রার সময়েও জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। তাই এবার ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে ও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও।

আগামী ৩ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। ৩ জুলাইয়ে শ্রীনগর থেকে পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়বে। পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি নজরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। ইতিমধ্যেই অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং করে নিয়েছে নিরাপত্তাবাহিনী। বেসক্যাম্প, যাত্রাপথ এবং সব ক’টি স্পর্শকাতর এলাকাতে সেনা মোতায়েন করা হয়েছে। পুণ্যার্থীদের থাকার জায়গাগুলিতে সেনা থাকবে। পুরো এলাকার ওপর নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে। বডি স্ক্যানার এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। পুণ্যার্থীদের ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ দেওয়া হবে। এর ফলে তাঁদের গতিবিধি নজরে রাখা সহজ হয়ে যাবে।