বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কড়া নাকা চেকিং চালানো হচ্ছে। সেই নজরদারির মধ্যেই শুক্রবার সকালে কলকাতার নিউটাউনে বড়সড় নগদ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সিটি সেন্টার ২ এলাকায় রুটিন টহলের সময় ফ্লাইং স্কোয়াড টিম (FST) একটি সুইফট ডিজায়ার গাড়ির গতিবিধি সন্দেহজনক বলে মনে করে। এরপর গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির ডিকি খুলতেই একটি ব্যাগ নজরে আসে। ব্যাগটি খুলে দেখতেই হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। ভিতরে থরে থরে সাজানো ছিল টাকার বান্ডিল। গণনা করে দেখা যায়, মোট ২৫ লক্ষ টাকা রয়েছে।
গাড়িতে একাই ছিলেন ঠাকুর সুরজিৎ আভেশং নামে এক ব্যক্তি। তিনি গুজরাতের সর্দারভাশ, ধর্মোদা, চানস্মা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে ওই টাকার উৎস বা গন্তব্য সম্পর্কে সন্তোষজনক কোনও তথ্য দিতে পারেননি তিনি।এরপরই ইকো পার্ক থানার পুলিশ নগদ ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগে এত বড় অঙ্কের নগদ উদ্ধার ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
