বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানের বিতর্ক এবার আরও গভীর হল। আইনি নোটিশ পাঠানোর পর এবার অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় এবং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী।
তনয়ের দাবি, ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে এসে মিমি চক্রবর্তী ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। কিন্তু নির্ধারিত সময়ে না আসায় সেই টাকা ফেরতের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগের জেরে সামাজিক সম্মানহানি হয়েছে বলেও দাবি করেন তনয়। সে কারণে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তনয় বলেন, মিথ্যা মামলার জেরে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে। তিনি আদালত ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। যদিও আইনের উপর পূর্ণ আস্থা রেখেই তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
উল্লেখ্য, বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করেন। সেই অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানায় মামলা দায়ের হয় এবং পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে মঞ্চে আসেন মিমি চক্রবর্তী। রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি থাকায় সময়সীমা পেরিয়ে গেলে তাঁকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করা হয়েছিল।
বর্তমানে গোটা ঘটনায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
