সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার পর অবশেষে বিতর্কিত বই প্রত্যাহার করে নিল এনসিইআরটি (NCERT)। একই সঙ্গে সর্বসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে সংস্থাটি। অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে বিচার বিভাগ নিয়ে করা কিছু মন্তব্যকে ঘিরেই দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল।
‘Exploring Society: India and Beyond – Grade 8’ শীর্ষক বইয়ের একটি অধ্যায়ে ভারতের বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতির উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি বিচারকের অভাব, মামলার জট এবং আইনি প্রক্রিয়ার জটিলতা নিয়ে কিছু মন্তব্যও ছিল সেই অধ্যায়ে। বিষয়টি সামনে আসতেই বিভিন্ন মহলে আপত্তি ওঠে এবং তা পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে।
সূত্রের খবর, দেশের প্রধান বিচারপতি বিষয়টি নজরে আনার পর আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। এরপরই সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে কড়া মন্তব্য করে। আদালতের ভর্ৎসনার পর দ্রুত পদক্ষেপ নেয় এনসিইআরটি।
একটি সরকারি বিবৃতিতে এনসিইআরটি জানায়, বইটির চতুর্থ অধ্যায় ‘আমাদের সমাজে বিচার বিভাগের ভূমিকা’ অংশটি উপযুক্ত নয়। সেই অধ্যায়ের জন্য তারা নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছে। পাশাপাশি জানানো হয়েছে, বইটি বাজার থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে এবং কোনও স্কুলে আর এটি বিতরণ করা হবে না।
যদিও ক্ষমা প্রার্থনার বিবৃতিতে বই প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে এনসিইআরটি জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের কাজ করা হবে। এই ঘটনার পর শিক্ষা মহল এবং রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
