কোকওভেন থানার অন্তর্গত ভগত পল্লীতে গালিগালাজ করার প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে। জানা গিয়েছে মৃতের নাম যীশু কুমার ওরফে রাজেশ।এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরীকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে।
মঙ্গলবার সন্ধ্যা, ট্যাংকার চালক বছর ৪৬ এর যীশু কুমার কুড়ি দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল।তিরিশ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরী মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যীশু কুমারকে। প্রতিবাদ করে যীশু ওরফে রাজেশ। অভিযোগ, এর পর পরই দু এক কথা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দু জন। শেষে যীশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু। রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যীশু। অবস্থা দেখে আশপাশের লোকজন দ্রুত তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কোকওভেন থানায় খবর দেওয়া হয়। তবে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় যীশুর। অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পন করে অভিযুক্ত পিন্টু বাউরী। কোকওভেন থানার পুলিশ পিন্টুকে সাত দিনের হেফাজত চেয়ে বুধবার সকাল সাড়ে ১১ টায় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
