মুম্বইয়ে নির্মীয়মাণ মেট্রো পিলার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, অটোর উপর কংক্রিটের চাঁই পড়ে আহত অন্তত ৪-৫

মুম্বই: শনিবার সকালে মুম্বইয়ের মুলুন্দ এলাকায় নির্মীয়মাণ মেট্রো পিলারের একাংশ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এলবিএস রোডের কাছে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল। ঠিক সেই সময় আচমকাই পিলারের উপর থেকে একটি বড় কংক্রিটের চাঁই ভেঙে নীচে পড়ে যায়।

রাস্তায় তখন বাস, ট্রাক ও অটো রিকশা চলাচল করছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি অটো রিকশার উপর সোজা গিয়ে পড়ে কংক্রিটের চাঁইটি। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। ক্রেনের সাহায্যে কংক্রিট সরিয়ে আহতদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে প্রশাসন। কীভাবে পিলারের কংক্রিটের অংশ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *