পশ্চিম এশিয়া সংকট: কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজের বার্তা মোদীর

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য…

16

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের জন্য একটি বড় পরীক্ষা।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির সময় যেভাবে কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে কাজ করেছিল, একইভাবে বর্তমান সংকটেও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাঁর কথায়, “সমস্ত রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগেই এই ধরনের পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”

তিনি জানান, ভারত ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে সক্রিয় রয়েছে এবং ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল-সহ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষেই রয়েছে ভারত।

মোদী সতর্ক করে বলেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব বিশ্বজুড়ে পড়তে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তবে দেশের ওপর সম্ভাব্য প্রভাব কমাতে সরকার কৌশলগতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

এদিন প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার উপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা যাতে সঠিকভাবে বিতরণ হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।