ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবু এলেন দেরিতে! উলুবেড়িয়ায় মিঠুনের ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে হতাশ বিজেপি কর্মী-সমর্থকরা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়া গ্রামীণ জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি আয়োজন করছে তারা। এই কর্মসূচিগুলিতে হাজির থাকছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রী থেকে শুরু করে দলের প্রথম সারির নেতারা।

দোল উৎসবের আগে আমতা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইভাবে বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের পাত্রপোল এলাকায় পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।

মিঠুনের জন্য বিশেষ রথ প্রস্তুত রাখা হয়েছিল এবং সভাস্থলে তৈরি করা হয়েছিল বিশাল মঞ্চ। সকাল ৯টার মধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের সেখানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মিঠুনকে এক ঝলক দেখতে বহু সাধারণ মানুষও সেখানে জড়ো হন।

কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিঠুন না আসায় ধীরে ধীরে হতাশা বাড়তে থাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তাঁর দেখা না পেয়ে অনেকেই সভাস্থল ছেড়ে বাড়ি ফিরে যান। এতে বিজেপি সমর্থকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়।

শেষ পর্যন্ত দুপুর প্রায় ১২টার পর মিঠুন চক্রবর্তী সেখানে পৌঁছন। কিন্তু ততক্ষণে সভাস্থল অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। শেষমেশ হাতে গোনা কয়েকজন বিজেপি কর্মীর উপস্থিতিতেই পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি।

উলুবেড়িয়া উত্তর ছাড়াও উলুবেড়িয়া পূর্ব বিধানসভার পানপুরে আমতা রোড ও ১৬ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলেও এ দিন পরিবর্তন যাত্রা কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। সেখানে মিঠুনের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যেতে পারেননি।

পরিবর্তন যাত্রা উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলার বাগনান, গোবিন্দপুর, শ্যামপুর, গড়চুমুক-সহ মোট ১০টি জায়গায় পথসভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে।

বাগনান লাইব্রেরি মোড়ে বক্তব্য রাখেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এ দিন রাতে শ্যামপুরের গোবিন্দপুরে পরিবর্তন যাত্রায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, “সারা রাজ্য জুড়ে বিজেপির ঝড় বইছে। সেই ঝড়ে তৃণমূলের খোঁজ পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাধারণ মানুষের ব্যাপক উন্নয়ন হয়েছে, আর পশ্চিমবঙ্গ নানা ক্ষেত্রে চুরির তালিকায় শীর্ষে রয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ-সহ দলের একাধিক জেলা নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *