মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ ক্রমশ গভীর হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎই ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে বেড়েছে সোনার দাম, ধস নেমেছে শেয়ার বাজারেও।
এই পরিস্থিতির মধ্যেই মার্কিন ডলারের সাপেক্ষে রেকর্ড পতন ঘটেছে ভারতীয় মুদ্রা টাকার। বুধবার ডলারের বিপরীতে প্রায় ০.৭ টাকা কমে ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে।
এর আগে সোমবার ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৯১.৮৭ টাকা। মঙ্গলবার সরকারি ছুটির কারণে বাজার বন্ধ ছিল। বুধবার বাজার খুলতেই টাকার দামে বড়সড় পতন দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা বেড়েছে। ফলে তেলের দাম দ্রুত বাড়ছে। তেলের দাম বাড়লে আমদানি করতে ভারতকে বেশি ডলার খরচ করতে হয়। এতে ডলারের চাহিদা বাড়ে এবং টাকার মূল্য কমে যায়।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৮.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৮০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার টাকারও বেশি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে টাকার দাম আরও কমতে পারে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে।
