অসমে মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলের ভিতরেই গণধর্ষণ

বিজেপি রাজ্যে ছাড় পেলেন না অসহায় ফুটপাতবাসী মানসিক প্রতিবন্ধী মহিলাও। শুক্রবার অসমের শ্রীভূমি জেলায় জেলের ভেতরে জোর করে টেনে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই কারারক্ষীকে যদিও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে অসমের শ্রীভূমি জেলার করিমগঞ্জ এলাকায় রাত প্রায় দেড়টা নাগাদ ফুটপাতবাসী এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলেরই দুই রক্ষী জেলা কারাগারে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। সে সময় পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। জানা গিয়েছে, তাঁরাই দুই কারারক্ষীকে ধরে ফেলেন।

অভিযুক্তদের নাম হরেশ্বর কলিতা এবং গজেন্দ্র কলিতা, তাদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। ধৃত দু’জন গুয়াহাটির পাঞ্জাবাড়ি এবং বোরাগাঁও এলাকার বাসিন্দা। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মানসিক ভাবে প্রতিবন্ধী ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব থেকে ঘৃণ্য ও নিন্দনীয় বিষয় হল তিনি রাস্তায় একা ছিলেন। সুযোগ বুঝে তাঁকে জোর করে জেলের ভিতর টেনে নিয়ে গিয়েছিলেন অভিযুক্তেরা। দুই ধৃতকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তাঁর বয়ানও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *