শনিবার সকালে মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সকাল ১০টা নাগাদ খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায় ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বাসটির একটি টায়ার ফেটে যায়। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।আহতদের মধ্যে ১০ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বাকি আহতদের খড়্গপুর মহকুমা হাসপাতাল-এ চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরাতে ক্রেন আনা হয়েছে। খবর পেয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ।
মেদিনীপুর–দিঘা রুটে বাস দুর্ঘটনা: টায়ার ফেটে মৃত্যু ১, আহত ১৫
