সিঙ্গুরে বিজেপিকে কটাক্ষ মমতার: একবার টাকা, ভোটের পর বুলডোজারের রাজনীতি নয় তৃণমূলের

সিঙ্গুর: প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভার প্রায় দশ দিন পর একই ময়দানে জনসভা করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তিনি কটাক্ষ করেন, ‘একবার ১০ হাজার টাকা দেওয়া হবে, আর ভোট মিটলেই বুলডোজার চালানো হবে’—এই রাজনীতি তৃণমূল করে না।

সভা থেকে সিঙ্গুরের শিল্পায়ন, কর্মসংস্থান এবং SIR ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, কিছু অসাধু চক্র বেসরকারি সংস্থার নাম করে বা ভুয়ো প্রকল্পের অজুহাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। সরকারি প্রকল্পের বাইরে কোনও অচেনা টাকা এলে তাতে হাত না দেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, পরে সেই টাকা দিয়েই মানুষকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।

বিহারের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেখানেও বহু মানুষের অ্যাকাউন্টে এইভাবে টাকা পাঠানো হয়েছে। তিনি স্পষ্ট করেন, ভয় দেখিয়ে বা প্রতারণা করে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না।

উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছিল। সম্প্রতি সেই সিঙ্গুরেই সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ‘আসল পরিবর্তন’-এর ডাক দেন এবং তৃণমূলকে ‘জঙ্গলরাজ’-এর সঙ্গে তুলনা করেন।

এর পাল্টা জবাব দিতেই সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাজেটে বড় বড় কথা বলা হলেও সাধারণ মানুষের জীবনে তার প্রতিফলন দেখা যায় না। ওষুধের দাম বৃদ্ধি, ট্রেন ভাড়ার ঊর্ধ্বগতি এবং নোটবন্দির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, একসময় নোটবন্দি করা হয়েছিল, এখন জনগণকে ভোটবন্দি করার চেষ্টা চলছে। শেষ পর্যন্ত মানুষই তার জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *