ইদের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা মমতার, ‘অধিকার কেড়ে নিতে দেব না’ বার্তা

1

পবিত্র ইদের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত ইদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।”

প্রতি বছরের মতো এদিনও রেড রোডের ইদের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের বক্তব্যে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে তাঁর লড়াই জারি থাকবে। প্রয়োজনে দিল্লি ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, বিদেশে গিয়ে সৌদি আরব বা দুবাইয়ে হাত মেলানো হলেও দেশে ফিরে নাম কাটার প্রসঙ্গ তোলা হচ্ছে। একই সঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেন, বাংলাকে লক্ষ্য করে রাজনীতি করলে তার জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরও বহু নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এর মধ্যেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ইদের মঞ্চ থেকেও সেই অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *