গ্যাসের সঙ্কট নিয়ে নবান্নে জরুরি বৈঠক, দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মহামিছিল করবেন মুখ্যমন্ত্রী

রান্নার গ্যাসের সঙ্কট এবং মূল্যবৃদ্ধি ঘিরে রাজ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহে যে সমস্যা তৈরি হয়েছে, তা মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার কোনও পরিকল্পনা বা আলোচনার তোয়াক্কা না করেই আচমকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। শুধু তাই নয়, গ্যাস বুকিংয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে বলে দাবি তাঁর। এর ফলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই গ্যাসের সিলিন্ডার পেতে সমস্যার অভিযোগ উঠছে। অনেক গ্রাহকই জানাচ্ছেন, বুকিং করার পরও দীর্ঘ সময় ধরে হোম ডেলিভারি মিলছে না। কোথাও কোথাও গ্যাস গোডাউনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে রান্নার কাজ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়ছেন বহু পরিবার।

এই পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় মহামিছিল করার ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, এই মিছিলে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা হবে।

রাজনৈতিক মহলের মতে, গ্যাসের সঙ্কট ও মূল্যবৃদ্ধি এখন রাজ্যের অন্যতম বড় ইস্যু হয়ে উঠছে। তাই এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক চাপানউতোরও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *