এসআইআর নিয়ে চক্রান্তের অভিযোগ, আজ মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। অভিযোগ, রাজ্যে অপরিকল্পিতভাবে এসআইআর চালুর ফলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরও বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে বিজেপি ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুর দুটো থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীও।

এসআইআর নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছেন, আবার কখনও আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্যের মানুষের অধিকারের প্রশ্নে বারবার সরব হয়েছেন তিনি।

তবে এবার আইনি লড়াইয়ের পাশাপাশি গণআন্দোলনের পথেও হাঁটতে চাইছে তৃণমূল। ধর্মতলার মেট্রো চ্যানেলের এই মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলীয় কর্মীদের জন্য আগামীর আন্দোলনের রূপরেখাও নির্ধারণ করা হবে বলে দলীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *