ধর্মতলায় ধরনার চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

ধরনার চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধরনামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে মঞ্চের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে এবং একটি এজেন্সিকে দিয়ে এই কাজ করানো হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন। তিনি মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পাশাপাশি উপস্থিত সকলকে ধরনামঞ্চের আশেপাশে নজর রাখার কথাও বলেন।

প্রসঙ্গত, এসআইআর-এ লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাতেও ধরনামঞ্চেই অবস্থান করছেন। সোমবার সকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতেনাতে ধরতে হবে। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফআইআর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই।”

মমতা আরও জানান, সবাইকে সতর্ক থাকতে হবে এবং ধরনার জায়গায় নজর রাখতে হবে। এরপরই ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে ধরা হয়েছে বলে জানা গেছে। এলাকার একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লিফলেট উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *