আজ মহরম। আবার সামনেই ১০ জুলাই থেকে শ্রাবনী মেলা। সুষ্ঠভাবে উৎসব পরিচালনা করতে বুধবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোরথ থেকে শুরু করে মহরম ও শ্রাবণী মেলা সবকিছুর জন্যই গুরুত্ব সহকারে সমস্ত ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা ৷ এছাড়াও ছিলেন একাধিক দফতরের মন্ত্রী ও সচিবরা।
এদিন মহরম উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ”পবিত্র মহরমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে মহরম উপলক্ষে লিখেছেন, ”পবিত্র মহরমে আসুন সকলে মিলে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দর জীবনযাপন করি।”
মহরম উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই সময় রাস্তায় ইসলাম ধর্মালম্বী মানুষ তাজিয়া বের করেন। সুষ্ঠুভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে তাঁদের ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন করতে পারেন সেই ব্যবস্থায় করা হয়েছে।
