পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ায় তার প্রভাব এবার ভারতের রান্নার গ্যাসের দামে পড়ল। শুক্রবার মধ্যরাত থেকে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি।
এর ফলে কলকাতায় একটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। একই সঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও ১১৪.৫০ টাকা বাড়িয়ে ১,৯৯০ টাকা করা হয়েছে।
ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে—এমন আশঙ্কা থেকেই এই দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই পথ দিয়ে বিশ্বের অনেক তেল ও গ্যাস পরিবহন হয়। তাই পরিস্থিতি খারাপ হলে ভারতে গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে তেল সংস্থাগুলির দাবি, দেশে এখনই রান্নার গ্যাসের কোনও সঙ্কট নেই। পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।
সোশ্যাল মিডিয়ায় গ্যাসের সঙ্কট নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে অযথা বেশি গ্যাস বুকিং বা মজুত না করার আবেদন জানিয়েছে তেল সংস্থাগুলি।
একসঙ্গে অনেক মানুষ গ্যাস বুক করলে সমস্যা হতে পারে বলেই নতুন নিয়ম করা হয়েছে। এখন একটি সিলিন্ডার পাওয়ার ২১ দিন পরে আবার গ্যাস বুক করা যাবে।তেল সংস্থাগুলি আরও জানিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কেওয়াইসি আপডেট থাকলে তবেই গ্যাস সরবরাহ করা হবে।
বর্তমানে ডিস্ট্রিবিউটরদের কাছে প্রায় ১০ দিনের গ্যাস মজুত রয়েছে বলে জানা গেছে। তাই আপাতত আতঙ্কের কোনও কারণ নেই বলেই দাবি সংস্থাগুলির।
