বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে বাংলা জুড়ে


গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যা বিস্তৃত হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৪ ঘণ্টায় এর অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য, এই ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে। সোমবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় গুলিতে। মঙ্গলবার সকাল থেকেও আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস সূত্রের খবর, দিনভর দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি চলবে।
শুধু মঙ্গলবার নয়, আগামী কয়েকদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
সকাল থেকেই কলকাতা জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি সতর্কতা রয়েছে। আগামী কয়েকঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। ২২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *