বিধানসভা ভোটে বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ১৯২ আসনে নাম ঘোষণা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (CPIM Candidate List)। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরের দিনই এই তালিকা প্রকাশ করা হল।

রবিবার কাঁচরাপাড়ায় দলীয় সভা থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় কলকাতা ও বিভিন্ন জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দমদমে ময়ূখ বিশ্বাস, রাজারহাট-নিউটাউনে সপ্তর্ষি দেব, বরানগরে সায়নদীপ মিত্র, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, উত্তর দমদমে দীপ্সিতা ধর, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিন, নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায় এবং খড়দহে দেবজ্যোতি দাসের নাম রয়েছে।

এছাড়াও কামারহাটিতে মানস মুখোপাধ্যায়, যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য, বেহালা পশ্চিমে নীহার ভক্ত, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় পারমিতা রায়, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল ও শিলিগুড়ি সহ একাধিক জেলাতেও প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।

প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ২৮ জন মহিলা প্রার্থী রয়েছেন। বাকি আসনগুলির প্রার্থীদের নাম আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এর আগে বিমান বসু বলেন,
“জোট নিয়ে আলোচনা চলছে। বামফ্রন্টের নিজস্ব প্রক্রিয়ায় প্রার্থী ঘোষণা হচ্ছে এবং কিছু সহযোগী দলও রয়েছে। বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় আনা আমাদের লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *