শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ম্যান ইউ, থামল টানা পাঁচ জয়ের স্বপ্ন

লন্ডন, ১১ ফেব্রুয়ারি:
টানা চার ম্যাচ জয়ের পর প্রিমিয়ার লিগে ছন্দপতন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ ড্র করতে বাধ্য হল মাইকেল ক্যারিকের দল। শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হার এড়ালেও, এই ড্রয়ে ম্যান ইউ সমর্থক ফ্র্যাঙ্ক ইলেটের অপেক্ষা আরও দীর্ঘ হল। কারণ প্রায় ৫০০ দিন পেরিয়ে গেলেও এখনও চুল কাটতে পারছেন না তিনি!

ম্যান ইউয়ের একনিষ্ঠ সমর্থক ফ্র্যাঙ্ক ইলেট ২০২৪ সালের অক্টোবরে সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, তাঁর প্রিয় ক্লাব টানা পাঁচ ম্যাচ জিততে না পারা পর্যন্ত তিনি চুল কাটবেন না। অক্সফোর্ডের বাসিন্দা ইলেট বর্তমানে স্পেনে থাকেন। সেখান থেকেই টিভির পর্দায় চোখ রেখে দেখছিলেন ম্যান ইউয়ের এই ম্যাচ। কিন্তু পরপর চার জয়ের পর পঞ্চম ম্যাচেই থেমে যায় ব্রুনো ফার্নান্ডেজদের জয়রথ।

রেলিগেশনের লড়াইয়ে থাকা ওয়েস্ট হ্যাম ৫০ মিনিটে টমাস সোচেকের গোলে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ম্যান ইউয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অবশেষে সংযুক্ত সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেসকোর গোলে সমতা ফেরে এবং নিশ্চিত হার থেকে রক্ষা পায় ম্যান ইউ।

এই ড্রয়ের ফলে ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার চারে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে চেলসি ২-২ ড্র করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে। ম্যাচের ২৪ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কোল পামার। তবে ৬৭ মিনিটে পেনাল্টি থেকেই লিডসের হয়ে ব্যবধান কমান লুকাস নেমেচা। এরপর ৭৩ মিনিটে নোয়া ওকাফোরের গোলে ম্যাচে সমতা ফেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *