কর্নাটক থেকে আনা কিং কোবরা মারা গেল মধ্যপ্রদেশে


ভোপালের ভ্যান বিহার ন্যাশনাল পার্কে কর্নাটক থেকে আনা পাঁচ বছরের এক পুরুষ কিং কোবরার মৃত্যু হল ।বুধবার সকালে কিং কোবরাটিকে মৃত অবস্থায় এনক্লোজারে পড়ে থাকতে দেখা যায়।পার্ক কর্তৃপক্ষ এই বিষয়ে জানান সাপটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ইচ্ছায় রাজ্যে কিং কোবরা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রথম ধাপে সেই স্বপ্নভঙ্গ হল।

ভোপালের তীব্র গরম থেকে বাঁচতে কিং কোবরার জন্য হিউমিডিফায়ার-সহ নানা তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র এনক্লোজারে লাগানো হয়েছিল। তাই তাপমাত্রা জনিত কারণে মৃত্যু বলে আপাতত মনে করা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে বন ও পরিবেশ সংক্রান্ত এক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে কিং কোবরা হারিয়ে গিয়েছে। তাই তিনি চান রাজ্যে আবার কোবরা ফিরিয়ে আনতে।

এপ্রিল মাসে কর্নাটকের পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক থেকে দুটি কিং কোবরা আনা হয়েছিল। আর মধ্যপ্রদেশ থেকে কর্নাটকে পাঠানো হয়েছিল দু’টি বাঘ। ভ্যান বিহারে কিং কোবরার প্রজনন ও সংরক্ষণ শুরু করার পরিকল্পনা তখন থেকেই শুরু হয়। মে মাসে সাপগুলির মধ্যে একটি পুরুষ কোবরাকে ইন্দোর চিড়িয়াখানায় প্রজনন প্রকল্পে পাঠানো হয়। কিন্তু এখন ভোপালের ভ্যান বিহারে আর কোনও কিং কোবরা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *