তিরুমালা তিরুপতি, মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দিরের মতো বিখ্যাত তীর্থস্থানের দানবাক্সে কোটি কোটি টাকা জমা পড়ার খবর প্রায়ই শোনা যায়। তবে এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় উঠে এল কর্ণাটকের একটি মন্দির। কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের দানবাক্স থেকে উদ্ধার হল মোট ৩.০৭ কোটি টাকা, সঙ্গে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না।
এই মন্দিরটি কর্ণাটকের বেলাগাভি জেলার সাওদাত্তি তালুকের উপকণ্ঠে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান হিসেবে পরিচিত। সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে উৎসবের সময় মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি নির্ধারিত সময় অনুযায়ী মন্দিরের দানবাক্স খোলা হয়। শুক্রবার সেই দানবাক্স খুলতেই সামনে আসে বিপুল অর্থের পরিমাণ। এরপর শুরু হয় অর্থ গোনার কাজ। টানা তিন দিন ধরে সেই অর্থ গোনার কাজ চলে। এই কাজে অংশ নেন ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং মন্দিরের কর্মীরা।
গণনার শেষে জানা যায়, দানবাক্স থেকে মোট ৩ কোটি ৭ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। এর মধ্যে নগদ অর্থই রয়েছে ২ কোটি ৭৮ লক্ষ টাকা। এছাড়াও দান হিসেবে পাওয়া গেছে প্রায় ১০০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য প্রায় ১৬.১৬ লক্ষ টাকা বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
শুধু সোনা নয়, দানবাক্স থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি ৫৪৭ গ্রাম রুপোর গয়না। বাজারমূল্যে যার দাম প্রায় ১২.৩৫ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।
মন্দির সূত্রে জানা গেছে, ৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত দানবাক্স থেকে পাওয়া অর্থ ও গয়না গণনার কাজ চলে। সাম্প্রতিক সময়ে এটিকে মন্দিরের অন্যতম বড় সংগ্রহ বলে মনে করা হচ্ছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী রেণুকা ইয়েল্লাম্মা ভক্তদের মনোবাসনা পূরণ করেন বলে বহু মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই দূরদূরান্ত থেকে ভক্তরা এসে দানবাক্সে অর্থ, সোনা, রুপোর গয়না দান করেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপুল অর্থ মন্দিরের উন্নয়ন, ধর্মীয় অনুষ্ঠান, ভক্তদের সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে
