কাবুলে বিমান হামলার অভিযোগে উত্তেজনা, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ; প্রতিক্রিয়া রশিদ খানের

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতের বেলায় বিমান হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে এবং এতে কিছু বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, হামলার লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র ছিল। সেখানে চিকিৎসাধীন কয়েকজন মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বেসামরিক অবকাঠামো বা চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী।

এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, কাবুলে বিমান হামলার ফলে সাধারণ মানুষের হতাহতের খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর মতে, বেসামরিক বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা করা আন্তর্জাতিক আইনের চোখে গুরুতর অপরাধ।

রশিদ খান আরও বলেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবতার প্রতি অবহেলার পরিচয় দেয়। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি আফগান জনগণের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, কঠিন সময়েও দেশ একদিন ঘুরে দাঁড়াবে।যদিও এই অভিযোগ নিয়ে পাকিস্তানের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহলে ঘটনার সত্যতা যাচাই এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *