উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : সামনে বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর লক্ষে একাধিক সভা চলছে। শনিবার বিকালে মথুরাপুর এক নং ব্লকের দেবীপুর পঞ্চায়েতের জ্ঞানেন্দ্র শিশু বিদ্যামন্দিরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি বিষয়ক কর্মসূচি হয়ে গেল। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার, দেবীপুর পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর, মথুরাপুর এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজু পুরকাইত সহ আরও অনেকে। এদিন দেবীপুর পঞ্চায়েতের বিরোধী সিপিআইএম ও বিজেপি থেকে ইছা সেখ, পরিমল ভান্ডারী, অনুপ মাঝি,রাজেশ মণ্ডল, রাজকুমার হালদার,শুভংকর হালদারের নেতৃত্বে ২০০ জন কর্মী সমর্থকরা তৃনমুল কংগ্রেসে যোগ দেন। এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এদিন বিরোধী দল থেকে শাসক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানালেন সাংসদ বাপি হালদার।
এদিন বাপি হালদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে উন্নয়নের পর উন্নয়ন করে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করেছেন। মানুষের পাশে থাকেন তিনি। বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচছেন। তাই আগামী দিনেও দিদি আপনাদের পাশে থাকবেন। তাই আবার দিদি ক্ষমতায় আসবে বিজেপি যতই চেষ্টা করুক।আপনারা আমাদের পাশে থাকুন।

