বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবনেই আসে আত্মসমীক্ষার সময়। অতীতের হিসাবনিকাশ ঝেড়ে ফেলে নতুন করে পথ চলার ইচ্ছা জাগে। সেই কারণেই কি এবার ধর্মের পথে ঝুঁকলেন জ্যাকলিন ফার্নান্ডেজ? বলিউডের রঙিন দুনিয়ার মতোই তাঁর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে নানা বিতর্কে ঘেরা। কখনও প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক, কখনও আবার আর্থিক তছরূপের মামলায় নাম জড়ানো—সংবাদ শিরোনামে বারবার উঠে এসেছেন অভিনেত্রী।
এবার সেই সব আলোচনার বাইরে গিয়ে আধ্যাত্মিক শান্তির খোঁজে জ্যাকলিন পাড়ি দিলেন কাশীধামে। ফেব্রুয়ারি শুরু হতেই মুম্বই ছেড়ে তিনি হাজির হন বারাণসীতে। শহরের একাধিক ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখার পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি। মুখে মাস্ক পরে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেত্রীকে।
নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে বারাণসী সফরের একাধিক ছবি শেয়ার করেছেন জ্যাকলিন। একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজে সেলফি তুলতে। অন্য একটি ছবিতে রয়েছে কাশীর বিখ্যাত চাট। কপালে ত্রিপুন্দ্রা পরিহিত অভিনেত্রীর এই আধ্যাত্মিক লুক ইতিমধ্যেই নজর কাড়ছে অনুরাগীদের।
মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যাকলিন বলেন,
“আমি যেমনটা ভেবেছিলাম, তার থেকেও অনেক বেশি সুন্দর বারাণসী। এখানে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। হর হর মহাদেব।”
পুজো শেষে মন্দির চত্বরে তাঁকে ঘিরে ধরেন ভক্ত ও সাধারণ মানুষ। সেলফি তোলার হিড়িক পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মন্দির এলাকা ছাড়তে হয় অভিনেত্রীকে। এরপর মণিকর্ণিকা ঘাটসহ গঙ্গার বিভিন্ন ঘাটও ঘুরে দেখেন তিনি।
তবে এই সফর শুধুই ব্যক্তিগত ভ্রমণ, নাকি কোনও আসন্ন ছবির শুটিংয়ের অংশ—সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।
