উজ্জ্বল ভৌমিক, নিজস্ব প্রতিনিধি | কাঁচরাপাড়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘোষিত উদ্যোগের বাস্তব রূপ এবার দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরো-র যে ছয়টি বিশেষ প্রদর্শনী বাস পরিভ্রমণে রয়েছে, তারই একটি আজ এসে পৌঁছায় কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায়।

মহাকাশ গবেষণা, রকেট ও স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে ছাত্রছাত্রীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এই ‘স্পেস অন হুইলস’ কর্মসূচির মূল উদ্দেশ্য। চলমান এই প্রদর্শনী দেখতে এদিন কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে শতাধিক পড়ুয়া ভিড় জমায়। সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও।প্রদর্শনী বাসটির ভেতরে ইসরোর ঐতিহাসিক মিশনের মডেল, রকেট ও উপগ্রহের প্রতিরূপ, তথ্যচিত্র এবং ইন্টার্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে ভারতের মহাকাশ যাত্রার সাফল্যগাথা। চন্দ্রযান, মঙ্গলযানসহ একাধিক মিশনের ধারণা পেয়ে পড়ুয়ারা কাছ থেকে বুঝতে পারছে মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো।বাসটি ঘুরে দেখার পর ছাত্রছাত্রীদের চোখেমুখে ছিল বিস্ময় আর আনন্দ। এক পড়ুয়া জানায়, “বইয়ের পাতায় যা পড়েছি, আজ তা চোখের সামনে দেখে খুব ভালো লাগছে। বড় হয়ে আমিও ইসরোর বিজ্ঞানী হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।”শিক্ষকদের মতে, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ও ভবিষ্যতে গবেষণার পথে এগিয়ে যেতে বড় ভূমিকা নেবে। কাঁচরাপাড়ায় ইসরোর এই ‘স্পেস অন হুইলস’ যেন আগামী প্রজন্মের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল।
