প্রাইম টাইম : ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দাপুটে পারফরম্যান্সে মহমেডান স্পোর্টিংকে ৭-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় লাল-হলুদ শিবির। দলের হয়ে জোড়া গোল করেন আনোয়ার আলি এবং ইউসেফ এজেজারি। এছাড়া সাউল ক্রেসপো-সহ অন্যরাও স্কোরশিটে নাম তোলেন। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
সোমবার যুবভারতীতে ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ৬ মিনিটে আনোয়ার আলির দুর্দান্ত শট দিয়ে এদিন লাল-হলুদ শিবির গোলের সূচনা করে। আর শেষ হয় ৯৬ মিনিটে নন্দকুমারের গোল দিয়ে। ১২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এজেজারি। ৩৪ মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন সাউল ক্রেসপো। একই সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মহমেডানের জোসেফ আদজেই, ফলে ১০ জনে নেমে আসে দলটি।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ আরও বাড়ে। ৫৩ মিনিটে তৃতীয় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এজেজারি। এরপর একাধিক আক্রমণে আরও গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে লাল-হলুদ। পরিসংখ্যান বলছে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল পায় ২০টি কর্নার, যেখানে মহমেডান একটি কর্নারও পায়নি। চলতি মরশুমে ইস্টবেঙ্গল এখন পর্যন্ত সর্বাধিক ১৬টি গোল করেছে। তবে বড় জয়ের মাঝেও চিন্তার জায়গা রয়েছে কোচ অস্কার ব্রুজোর জন্য। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন এজেজারি, লালানসাঙ্গা ও পিভি বিষ্ণুরা। ভবিষ্যতের কঠিন ম্যাচে এই প্রবণতা সমস্যার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।



