বাংলাদেশে ফের আইপিএল সম্প্রচার? নিষেধাজ্ঞা উঠতে পারে, মিলছে বড় ইঙ্গিত

আইপিএল শুরুর আগেই বড় সুখবর পেতে পারেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শোনা যাচ্ছে, দেশে আইপিএল সম্প্রচারের উপর জারি থাকা নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার…

8

আইপিএল শুরুর আগেই বড় সুখবর পেতে পারেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শোনা যাচ্ছে, দেশে আইপিএল সম্প্রচারের উপর জারি থাকা নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। নির্বাচনের পর বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসতে পারে সরকার।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন মুহম্মদ ইউনুস।

তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান বদলানোর ইঙ্গিত মিলছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। খেলার মধ্যে রাজনীতি টানা উচিত নয়। কেন সম্প্রচার বন্ধ হয়েছিল, সেটাও খতিয়ে দেখা হবে।”

সবমিলিয়ে, আইপিএল সম্প্রচার ফের চালু হলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য তা বড় স্বস্তির খবর হতে চলেছে।