আইসিসি যুব বিশ্বকাপ জয় ভারতের। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। ঐতিহাসিক জয়ের নায়ক বৈভব সূর্যবংশী—ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচ কার্যত একাই বের করে নিলেন।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তিন নম্বরে নেমে বৈভব খেলেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস। চার-ছক্কায় ভরা সেই ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অধিনায়ক আয়ুষ তিনে নেমে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তাঁর আউটের পর বেদান্ত ত্রিবেদী করেন ৩২ রান।মাঝের ওভারে অভিজ্ঞান কুণ্ডু ৩১ বলে ৪০, বিহান মালহোত্রা ৩০ রান যোগ করেন। শেষদিকে কণিষ্ক চৌহানের ২০ বলে ৩৭ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪১১ রান।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা আগ্রাসীভাবেই করে। ‘বাজবল’ ছকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান বেন ডকিন্স, বেন মেইস ও থমাস রিউরা। কিছু সময় দ্রুত রান উঠলেও সেই আগ্রাসনই কাল হয়। ধারাবাহিক উইকেট পতনে ছন্দ হারায় ইংল্যান্ড। শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও ৩১১ রানেই গুটিয়ে যায় তারা।ভারতীয় বোলারদের মধ্যে অম্বরীস ৩টি এবং কৌশিক ও দীপেশ ২টি করে উইকেট নেন—চাপের ম্যাচে নিখুঁত নিয়ন্ত্রণে।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের দাপট নতুন নয়। টানা ছ’বার ফাইনাল, আগের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এবার আর খালি হাতে ফিরতে হল না। এই নিয়ে ষষ্ঠবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত।
