ইরান–ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। এই পরিস্থিতি নিয়ে সোমবার নয়াদিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল INDIA জোটের সাংসদরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি হয়। বিরোধী সাংসদরা অভিযোগ করেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। এ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা আরও বলেন, গাল্ফ অঞ্চলে বহু ভারতীয় কাজ বা ভ্রমণের কারণে আটকে পড়েছেন। সংঘাতের জেরে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫২ হাজারের বেশি ভারতীয়কে বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার।
অন্যদিকে, বিরোধীদের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রীর দফতর জানায়, পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন এবং কূটনৈতিক স্তরে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি গাল্ফ অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে আন্তর্জাতিক তেল বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে এবং তার প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়তে পারে।
