পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট মহল। বর্তমানে কারাবন্দি ৭৩ বছর বয়সি ইমরানের উন্নত চিকিৎসা, মানবিক বন্দিত্ব এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার দাবিতে পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক।
চিঠিতে সই করেছেন সুনীল গাভাসকর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া-সহ আরও একাধিক কিংবদন্তি ক্রিকেটার। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বমানের ক্রীড়াবিদের মর্যাদা রক্ষা করা উচিত।
কী দাবি জানানো হয়েছে?
আবেদনে তিনটি নির্দিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে—
১) ইমরান খানের পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দ্রুত ও নিয়মিত চিকিৎসার ব্যবস্থা।
২) আন্তর্জাতিক মান বজায় রেখে মানবিক পরিবেশে বন্দিত্ব এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ।
৩) স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইমরানের ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পরিবার অভিযোগ করেছে, জেলে দেখা করার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইমরানের ছেলে সুলেমান খান আগেই জানিয়েছিলেন, তাঁকে অত্যন্ত ছোট একটি সেলে রাখা হয়েছে, যেটিকে ‘ডেথ সেল’ বলা হয়।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়কদের অনুপস্থিতি
উল্লেখযোগ্য বিষয়, এই আবেদনে কোনও পাকিস্তানি প্রাক্তন অধিনায়কের সই নেই। তবে সম্প্রতি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও শহিদ আফ্রিদি সামাজিক মাধ্যমে ইমরানের যথাযথ চিকিৎসার পক্ষে মত প্রকাশ করেছেন।
পটভূমি
২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হন ইমরান খান। ২০২৩ সালের অগস্ট থেকে তিনি ও তাঁর স্ত্রী বুশরা বিবি কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি ৩১ বছরের সাজা ভোগ করছেন।
চিঠির শেষাংশে প্রাক্তন অধিনায়কেরা উল্লেখ করেছেন, ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে সম্মান ও মানবিকতার বার্তা দেয়। সেই ক্রীড়াসুলভ চেতনা থেকেই তাঁরা ইমরান খানের জন্য মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আবেদন জানিয়েছেন।
