বেআইনি নির্মাণ ঘিরে বৃদ্ধের মৃত্যু, বিতর্কিত বাড়ি ভাঙার নির্দেশ উত্তর ব্যারাকপুর পুরসভার

বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মণিরামপুরে যে ঘটনায় বৃদ্ধ তুলসীচরণ অধিকারীর মৃত্যু হয়েছিল, সেই ঘটনার পর বিতর্কের কেন্দ্রে থাকা বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিল উত্তর ব্যারাকপুর পুরসভা (North Barrackpore Municipality)

পুরসভার পক্ষ থেকে বাড়ির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যে বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে পুরসভাই বেআইনি অংশ ভেঙে দেবে বলে জানানো হয়েছে।

পুরসভার তদন্তে জানা গিয়েছে, বাড়িটির প্রথম তলায় ১৫.৬৮৪ বর্গমিটার, মেজ়েনাইন ফ্লোরে ২.৫৫ বর্গমিটার এবং দ্বিতীয় তলায় ১৪.২১১ বর্গমিটার অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এই বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে গিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বৃদ্ধ তুলসীচরণ অধিকারী। অভিযোগ, বচসার এক পর্যায়ে কাউন্সিলার তাঁকে লাথি মারলে তিনি পড়ে যান এবং পরে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দমদম সংশোধনাগারে বন্দি

সোমবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তিনি জামিনের আবেদন জানান এবং বার কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার অনুমতিও চান। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

এদিকে বিরোধীদের দাবি, পুরসভা যদি আগে থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনার সৃষ্টি হত না। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *