Panvel এলাকার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন IIT Bombay-এর তিন পড়ুয়া। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রমহলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে Lonavala থেকে সূর্যোদয় দেখে মুম্বই ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন ওমকুমার বোরসে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন— নাসিকের বাসিন্দা ও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওমকুমার বোরসে, জয়পুরের বাসিন্দা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র শ্রেয়াংশ শর্মা এবং নাগপুরের বাসিন্দা ফিজিক্স বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া লয়া দেশভরতার।
জানা গিয়েছে, বুধবার রাতভর সিনেমা দেখার পর পড়ুয়ারা দল বেঁধে লোনাভেলায় সূর্যোদয় দেখতে যান। মোট তিনটি গাড়িতে তাঁরা রওনা দেন। সহপাঠী হিতেশ, সোহম ও সিদ্ধান্ত পুলিশকে জানিয়েছেন, ওমকুমার, শ্রেয়াংশ ও লয়া একই গাড়িতে ছিলেন এবং তাঁদের গাড়ির পিছনে আরও দুটি গাড়ি চলছিল।
দুর্ঘটনার পর জানা যায়, শ্রেয়াংশ শর্মা ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং ক্যাম্পাসে তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা বিকল থাকায় ঘটনার কোনও ফুটেজ পাওয়া যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পড়ুয়ারা সিটবেল্ট পরেছিলেন কিনা, গাড়ির এয়ারব্যাগ সঠিকভাবে কাজ করছিল কিনা—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।এছাড়াও, পড়ুয়ারা নেশাগ্রস্ত ছিলেন কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।



