“মুখ্যমন্ত্রীর পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।” ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক প্রসেনজিতের

বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নির্যাতনের শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ২১-এর মঞ্চ থেকে এই ‘ভাষা সন্ত্রাসের’ প্রতিবাদে লড়াইয়ের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে টলিউডের সুপারস্টার দাবি করেছেন, “বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।” বাংলা চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের পথচলা। যে ভাষায় এতদিন দর্শকের সামনে বিনোদনের রসদ জুগিয়েছেন সেই ভাষা রক্ষার দাবিতেই এবার সরব হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।তবে এখানেই শেষ নয়। বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া প্রসঙ্গে সরব হয়েছিলেন বাংলার রকস্টার রূপম ইসলাম। রবিবার এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন নিজের এক্স হ্যন্ডলে। রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’ উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার শিল্পীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *