হায়দরাবাদে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। শহরের মল্লেপল্লি এলাকায় একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল আদা-রসুন পেস্ট উদ্ধার করেছে পুলিশ।
হায়দরাবাদ কমিশনারের টাস্ক ফোর্সের খৈরতাবাদ জোন টিম হাবিব নগর থানার অন্তর্গত মল্লেপল্লির “শেহজাদা ফুড মাস্টার” নামে একটি ইউনিটে আচমকা তল্লাশি চালায়। অভিযানে ওই ইউনিটের মালিক মোহাম্মদ ফারুক (৫০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আদা-রসুন পেস্ট তৈরি করা হচ্ছিল। পেস্ট তৈরির সময় তাতে অ্যাসিটিক অ্যাসিড, কৃত্রিম খাদ্য রং, গাম পাউডার ও লবণ মেশানো হত। এরপর খোলা প্লাস্টিকের পাত্রে সেগুলো রাখা হত, যেখানে ধুলো ও মাছির সংস্পর্শে খাবারটি অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল।
তদন্তে আরও জানা যায়, কারখানার FSSAI লাইসেন্স ২০১৮ সালেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। তবুও সেই ভেজাল পেস্ট শহরের বিভিন্ন কিরানা দোকান, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সার্ভিসে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ।
অভিযানে পুলিশ প্রায় ১,০৯০ কেজি ভেজাল আদা-রসুন পেস্ট, ৮৭৫ কেজি কাঁচা আদা ও রসুন, ভেজাল তৈরির রাসায়নিক, গ্রাইন্ডিং মেশিন ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ২.২ লক্ষ টাকা।
ধৃত অভিযুক্ত ও জব্দ সামগ্রী হাবিব নগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় Cr. No. 53/2026 (Sections 318(4), 275 BNS) অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
