নালা বুজিয়ে বাড়ি? হুমায়ুন কবীরের স্ত্রীর বিরুদ্ধে প্রশাসনের শো-কজ়, চক্রান্তের অভিযোগ বিধায়কের

ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর তাঁর কাছে শো-কজ় নোটিস পাঠিয়েছে।

অভিযোগ, মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের সোমপুকুরিয়া মৌজায় যে জমিতে বাড়ি তৈরি হয়েছে, তা সরকারি নালা হিসেবে নথিভুক্ত ছিল। ২০০৩ সালে আনোয়ারা খাতুন স্থানীয় একটি পরিবারের কাছ থেকে জমিটি কেনেন। পরে সেখানে নির্মাণকাজ শুরু হয় এবং ২০১০ সালের মধ্যে একটি তিনতলা বাড়ি তৈরি হয়। প্রশাসনের দাবি, নালা বুজিয়ে ওই বাড়ি তৈরি করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। তাই কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে হুমায়ুন কবীর এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, বাড়ি তৈরির সময় মিউটেশনের জন্য একাধিকবার আবেদন করা হয়েছিল। তখন সংশ্লিষ্ট দফতর থেকে কোনও আপত্তি জানানো হয়নি। এখন রাজনৈতিক কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টির আইনি মোকাবিলা করবেন বলেও জানান।

আনোয়ারা খাতুনের বক্তব্য, সব কাজ নিয়ম মেনেই হয়েছে। প্রশাসনের চিঠির জবাব তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই দেবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সন্তোষজনক উত্তর না পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *