পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন জনতা বিকাশ পার্টির নেতা হুমায়ুন কবীর। শনিবার তিনি দলের প্রার্থী তালিকার প্রথম অংশ ঘোষণা করে জানান, রাজ্যের মোট ১৮২টি আসনে প্রার্থী দেবে তাঁর দল।
নিজের লড়াই নিয়েও বড় ঘোষণা করেন হুমায়ুন কবীর। তিনি জানান, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতোই তিনি দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রেজিনগর এবং নওদা—এই দুই বিধানসভা কেন্দ্র থেকেই ভোটের ময়দানে নামবেন তিনি।
বহরমপুর কেন্দ্র নিয়ে তিনি স্পষ্ট করে দেন, সেখানে তাঁর দল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সমর্থন করবে। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভোটারদের উচিত তৃণমূলকে ভোট না দেওয়া।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে একজন অবাঙালি মুসলিম প্রার্থী দাঁড় করানো হবে।
জোট রাজনীতির প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। বামফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে জোট নয়, বরং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর সঙ্গে সমঝোতা করেই নির্বাচনে লড়াই করার পরিকল্পনার কথা জানান হুমায়ুন কবীর।
সম্প্রতি ওয়াই প্লাস নিরাপত্তা পাওয়া এই নেতা দাবি করেছেন, রেজিনগর ও নওদা—দুই কেন্দ্রেই তিনি বড় ব্যবধানে জয়ী হবেন।
এছাড়াও তিনি জানিয়েছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য দলের প্রার্থীর নাম আগামী রবিবার ঘোষণা করা হবে।
রাজনৈতিক মহলের মতে, জনতা বিকাশ পার্টি ও মিম-এর সম্ভাব্য জোট রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্কের সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
